বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডপ্রাপ্ত এক সহযোগীকে ছাড়িয়ে আনতে যাওয়ার পথে বিদেশি পিস্তল, গুলিসহ মশিউল আজম ওরফে অরিন (৩৬) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁর সহযোগী শান্ত ইসলামকেও (২৭) গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের তল্লাশিচৌকিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মশিউল তাঁর সহযোগীদের নিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, গতকাল শুক্রবার মাদকসহ মশিউলের এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। সেই সহযোগীকে ছাড়িয়ে নিতে শান্তর মোটরসাইকেলে চড়ে আদালতে যাচ্ছিলেন মশিউল। পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাঁদের আটক করে। উদ্ধার করা পিস্তলটির কোনো বৈধ লাইসেন্স নেই বলে মশিউল স্বীকার করেছেন।








