বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় মামলা করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তিনি বলেছেন, দেশে ‘চমৎকার সরকার’ রয়েছে এবং সরকারের বিভিন্ন সংস্থা দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করছে। তাই মামলা করে আদালতে দৌড়াদৌড়ির ঝামেলায় যেতে তারা অনাগ্রহী।
শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনও ভাবিনি। আমরা পারিবারিকভাবে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবো। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘পুলিশের ধাওয়ায় একজন ডিফেন্স অফিসার দৌড় দেবে—এটা হাস্যকর বক্তব্য।’












