ভারতের পুনেতে এক আইটি ইঞ্জিনিয়ার যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামের ওই নারী তার স্বামীর পরিবারকে বিপুল পরিমাণ অর্থ ও ফ্ল্যাট লিখে দেওয়ার জন্য চাপের মুখে ছিলেন। এই ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৃষ্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর চাপ সৃষ্টি করা হতো যাতে তিনি তার পুরো বেতন স্বামীর পরিবারকে দিয়ে দেন। এছাড়াও বাপের বাড়ির ফ্ল্যাট শাশুড়ির নামে লিখে দেওয়া এবং শ্বশুরকে ১ কোটি রুপি মূল্যের ফ্ল্যাট কিনে দেওয়ার জন্যও তাকে চাপ দেওয়া হচ্ছিল। নির্যাতনের মাত্রা বাড়ায় ২০২১ সালে তৃষ্ণা বাপের বাড়ি চলে যান। পরে ২৯ সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন। পুলিশ তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে তিনি মৃত্যুর জন্য স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ ও দাদি শাশুড়িকে দায়ী করেছেন।










