মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। মিশরের পোর্ট সাইদ থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। গত ৪, ৬ ও ১৩ অক্টোবর তিন ধাপে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।
বাংলাদেশ দূতাবাস জানায়, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৫৫ জনকে ‘কিংস্টন’ এবং ৩ জনকে ‘এমএসসি ভার্জিনিয়া’ নামের বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে। দূতাবাস মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরার ব্যবস্থা করে। দূতাবাস অনিয়মিত ইউরোপ যাত্রার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মানবপাচারকারীদের প্রলোভন থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।






