বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল ও লিভ টু আপিলের ওপর শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই তারিখ নির্ধারণ করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট আটজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দেন। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে দুজন খালাস পান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।








