কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের পাশে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অনুমোদন ছাড়াই গড়ে উঠছে কোরাল বিচ রিসোর্ট। সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সনদ নেই। গত শনিবার একই ধরনের অনিয়ম ও অগ্নিনিরাপত্তার অভাবে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ পর্যটকের মৃত্যু হয়।
টুপটুপ রিসোর্ট বন্ধে পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) নোটিশ দিলেও তা বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতেও মেরিন ড্রাইভের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় অনুমোদন ছাড়াই নতুন রিসোর্ট-কটেজ নির্মাণ চলছে। জেলায় সাত শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে অগ্নিনিরোধক ব্যবস্থা ও পরিবেশগত ছাড়পত্রের ঘাটতি রয়েছে।








