ভারতের উত্তর প্রদেশে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার নাজিবাবাদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজানের আওয়াজ শুনতে পান। এরপর তারা পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কোতোয়ালি থানার পুলিশ মসজিদে গিয়ে মাইক জব্দ করে এবং মুয়াজ্জিনকে আটক করে। শব্দদূষণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।










