১৪ বছর ধরে নির্মাণকাজ চলার পর এবং প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয় হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার পথে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি বাতিল করেছে সরকার। এই দীর্ঘ সময়ে যানজট ও জনভোগান্তি বেড়েছে, কিন্তু বিশেষ বাস চালু হয়নি।
মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত হয়। এখন এই সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তর করা হবে। বিদ্যমান স্টেশন ও বিভাজক অপসারণ করে সড়কটিকে তিন থেকে ছয় লেনে উন্নীত করা হবে এবং দুটি উড়ালসড়ককে চার লেনে রূপান্তর করা হবে।




