সরকারি বাসা বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া বা সাবলেট দেওয়া চাকরিজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকারি আবাসন পরিদপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটেদের বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের পর কোনো বাসায় ভাড়াটে পাওয়া গেলে বরাদ্দ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বাসায় থাকা কর্মীদের বাসাভাড়া ভাতা কেটে নেওয়া হলেও এর চাহিদা ব্যাপক। কারণ, সরকারি কলোনিতে উন্নত পরিবেশ ও নিরাপত্তা সুবিধা রয়েছে। তবে, অনেক চাকরিজীবী বাসা ভাড়া দেন বাড়তি আয়ের জন্য বা নিজেরা কম খরচে বাইরে থাকার জন্য। আবার কেউ কেউ বেতনের টাকায় চলতে না পেরে একটি বা দুটি কক্ষ ভাড়া দেন।




