প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জাপানের নারিতা বিমানবন্দর থেকে পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি যাত্রা করে। চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের এদিন সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে পারেনি। পরে ত্রুটি সারিয়ে রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে যাত্রা করেছে।







