প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগুলোর অবস্থা জানতে চেয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, প্রতি তিন মাস পর পর রোপিত চারার হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, গত ১৩ জুন কর্মসূচি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৩ কোটি ৫৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এসব চারা বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন এবং শিশু-কিশোরদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করার বিষয়েও মন্ত্রণালয়কে ভাবতে বলেন।




