মিরপুর ১ নম্বর এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতগুলো আগের তুলনায় অনেক বেশি চলাচলের উপযোগী হয়েছে। তবে, উচ্ছেদের পরও অটোরিকশা ও লেগুনার কারণে সড়কে যানজট সমস্যা রয়ে গেছে।
স্থানীয়রা জানান, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হওয়ায় চলাচলে সুবিধা হলেও, ফল ও কাঁচাবাজার না থাকায় কেনাকাটায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানান, রাস্তা সৌন্দর্যবর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।















