ফ্রান্সজুড়ে সহিংসতার পুনরাবৃত্তি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে টানা তৃতীয় সপ্তাহান্তের ছুটিতে প্যারিস ও অন্যান্য শহরে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে অংশ নিয়েছে। হ্যালোইন উৎসব উদযাপনের অংশ হিসেবে অনেকেই ভাঁড় ও ডাইনির পোশাক পরে প্রতিবাদে যোগ দেয়। বিক্ষোভকারীরা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, উগ্র-ডানপন্থী মতাদর্শ এবং শিক্ষাঙ্গনের মানহীন পরিবেশের বিরুদ্ধে স্লোগান দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। পুলিশ শনিবার দুপুর পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করে, যা গত সপ্তাহের তুলনায় অনেক কম। প্যারিসের পাশাপাশি মার্সেই, তুলুজ এবং লিওঁসহ অন্যান্য শহরেও ছোট আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।







