পর্তুগালের কোরভো দ্বীপের বাসিন্দারা প্রতি বছর শরৎকালে কৃত্রিম আলোর কারণে পথ হারানো পাখির ছানাদের বাঁচাতে শহরের সব আলো নিভিয়ে দেন। আটলান্টিক মহাসাগরের স্থানীয় পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’-এর ছানারা রাতে আকাশের তারার আলো দেখে দিক নির্ণয় করে। কিন্তু শহরের আলো তাদের বিভ্রান্ত করে মাটিতে আছড়ে ফেলে, ফলে অনেক পাখির মৃত্যু হয়।
১৯৯১ সাল থেকে এই উদ্যোগ শুরু হয়। বর্তমানে প্রতি বছর পাঁচ রাত ধরে দ্বীপের আলো নিভিয়ে রাখা হয়, যাতে পাখিরা নিরাপদে সমুদ্রের পথ খুঁজে পায়। যেসব ছানা পথ ভুল করে পড়ে যায়, তাদের উদ্ধার করে পরদিন সকালে ছেড়ে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে ২০১৫ সাল থেকে আজোরেস দ্বীপপুঞ্জে ৩০ হাজারের বেশি পাখির ছানা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কোরভো দ্বীপে প্রায় ছয় হাজার।










