ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কমে আসছে। এই পরিস্থিতিতে রিয়াদ ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, হুথি ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় এসব দেশের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করেছে সৌদি আরব।
সৌদির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও নিজেদের মজুত কমে যাওয়ায় সহায়তা প্রদানে সীমাবদ্ধতার মুখে রয়েছে। এদিকে, সৌদি আরব অভিযোগ করেছে যে হুথিরা মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল, যা ভূপাতিত করা হয়েছে। এছাড়া, ইরান-সমর্থিত মিলিশিয়াদের হামলায় সৌদির একটি তেল পাইপলাইনও বন্ধ হয়ে গেছে।





