যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হওয়ার পর ভারত নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের উৎস বহুমুখী করার নীতি অব্যাহত রাখার কথা জানিয়েছে নয়াদিল্লি। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার তেল ও গ্যাস কিনতে থাকা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকবে, যা ভারত ও চীনসহ রাশিয়ার বড় জ্বালানি ক্রেতাদের ওপর প্রভাব ফেলতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসে বিলটি পাস হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে এবং পরিবর্তিত বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার নীতি অব্যাহত রাখবে। ভারত সরকার নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং এ পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য ও শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।





