বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় মুম্বাই পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, অপরাধীরা ‘ডেড লেটার বক্স’ পদ্ধতি ব্যবহার করে অস্ত্র সংগ্রহ ও সরবরাহ করেছে। এই পদ্ধতিতে সরাসরি দেখা না করেই নির্দিষ্ট স্থানে জিনিস রেখে অন্যজনের মাধ্যমে সংগ্রহ করা হয়।
তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তরা অমৃতসরে একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ সংগ্রহ করে। রাধা ও ববিতা নামে দুই নারীকে অস্ত্র বহনের কাজে ব্যবহার করা হয়। কুণাল ও অনিল পণ্ডিতের মধ্যে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ চলে এবং এই মাধ্যমেই অস্ত্র সংগ্রহ ও মুম্বাইয়ে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই পুরো চক্রের সঙ্গে অপরাধীদের অস্ত্র সরবরাহের নেটওয়ার্কের নিবিড় যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।









