স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দুষ্কৃতিকারীরা জায়গা দখল করতে গিয়েছিল এবং এ ঘটনায় সংক্ষিপ্ত তদন্তে ওসির দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পুলিশ কমিশনারকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্বৃত্তরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের নতুন স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা নিয়েও তিনি কথা বলেন। ৯৯৯-এ টেলিফোন পাওয়ার পর তিনজন গ্রেফতার হয়েছে এবং কিছু আলামত উদ্ধার হয়েছে।



