সৌদি আরব চলতি বছরে এ পর্যন্ত ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সর্বশেষ গত শনিবার সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পাঁচজন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো এবং রাজ্যে সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এই মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে। তাদের দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বিচার হয়েছিল অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন সংঘটিত অপরাধের জন্য। সংস্থাটি এটিকে আইনের লঙ্ঘন এবং সন্ত্রাসবাদ দমনের নামে দমনপীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহারের বিপজ্জনক প্রবণতা বলে অভিহিত করেছে।







