রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা শাহীন এ তথ্য জানান। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের তদন্তে লালবাগের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।









