রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত স্টিভ উইটকফ।
আলোচনাটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ বাড়িয়েছেন।







