পশ্চিমবঙ্গ সরকার টালিউডে কাজের পরিবেশ উন্নত করতে নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। দীর্ঘদিনের শুটিং শিফট, বকেয়া পারিশ্রমিক, এবং শিল্পী-কলাকুশলীদের কাজের সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সিনেমা, মেগা সিরিয়াল, ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাসহ যেকোনো ভাষার শুটিংয়ের ক্ষেত্রে ১০ ঘণ্টার শিফট এবং সর্বোচ্চ ৪ ঘণ্টা ওভারটাইমের সুযোগ থাকবে। বিকল্প হিসেবে ৮ ঘণ্টার শিফট ও ৬ ঘণ্টা ওভারটাইমের ব্যবস্থাও রাখা হয়েছে।
গিল্ডের সদস্যপদ বা কার্ড না থাকার কারণে কোনো যোগ্য শিল্পী বা টেকনিশিয়ানকে কাজ থেকে বঞ্চিত করা যাবে না। পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে কাউকে ঢালাও বয়কট বা ইন্ডাস্ট্রি থেকে ব্যান করাও বেআইনি। কাজ শুরুর আগেই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে লিখিত চুক্তি করতে হবে, যেখানে কাজের বিবরণ, পারিশ্রমিক এবং টাকা মেটানোর সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এছাড়া, কর্মক্ষেত্রে হেনস্থা ও বুলিং ঠেকাতে প্রযোজনা সংস্থাকে লিখিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করতে হবে এবং অভিযোগ জানানোর জন্য আলাদা সেল গঠন করতে হবে।



