ত্বকের মারাত্মক ক্যানসার ‘মেলানোমা’র চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য মিলেছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত ওষুধের পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ টিকা প্রয়োগে ক্যানসার ফিরে আসার ঝুঁকি ও মৃত্যুর আশঙ্কা প্রায় অর্ধেক (৪২ শতাংশ) কমে যায়। মোট ১ হাজার ১৩৭ রোগীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, টিকা ও ওষুধ দুটোই পাওয়া রোগীদের মধ্যে ক্যানসারমুক্ত থাকার হার ৮২ শতাংশে পৌঁছেছে, যা কেবল ওষুধ পাওয়া রোগীদের (৭০ শতাংশ) চেয়ে বেশি।
এই টিকা ক্যানসার প্রতিরোধক নয়, বরং আক্রান্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধক্ষমতাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষ ধ্বংস করতে সাহায্য করে। আগামী বছর থেকেই উচ্চঝুঁকিতে থাকা রোগীরা এই চিকিৎসা পেতে পারেন। ফুসফুস, স্তন ও অগ্ন্যাশয়ের ক্যানসারেও এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে।










