পেট ফাঁপা, ক্লান্তি বা কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ উপসর্গগুলোকে অনেকেই গুরুত্ব দেন না। তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হলে বা শরীরে নতুন কোনো পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কারণ, কিছু ক্ষেত্রে এগুলো নারীদের ডিম্বাশয় বা স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের শুরুতেই সবসময় তীব্র ব্যথা বা স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ফলে অনেক নারী বুঝতেই পারেন না যে শরীরে অস্বাভাবিক কিছু ঘটছে। স্তনে ব্যথাহীন চাকা বা পিণ্ডকেও উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। ডিম্বাশয় ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলোও সাধারণ শারীরিক সমস্যার সঙ্গে মিলে যায়, যা রোগ শনাক্তকরণে দেরি করিয়ে দেয়।










