মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চালিয়ে যেতে রাশিয়াকে আলোচনার টেবিলে রাখা জরুরি। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অনিচ্ছার অভিযোগ তুলেছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা চলছে। এমন কিছু করতে চান না, যাতে রাশিয়া আলোচনার টেবিল ছেড়ে চলে যায়। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা ইউক্রেনের ক্ষতি করবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াবে।







