চীন জার্মানির কাছ থেকে আরও উন্নত মানের পণ্য আমদানি করতে আগ্রহী। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এই আগ্রহ প্রকাশ করেন। ইউরোপ ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ এবং সুরক্ষাবাদী নীতি জোরদার হওয়ার প্রেক্ষাপটে বেইজিং জার্মানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে।
লি কিয়াং মুক্ত বাণিজ্য ও উন্মুক্ত সহযোগিতার ওপর জোর দিয়েছেন এবং গাড়ি, রাসায়নিক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব শিল্পে সহযোগিতা বাড়াতে চান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জার্মানির প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করেছেন।







