কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজন তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয় এবং দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মামলার আলামত ও নিহত অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তাদের বয়স যাচাই করা হচ্ছে, কারণ তাদের মধ্যে কয়েকজন কিশোর থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আটক ব্যক্তিদের আচরণ কিশোর অপরাধী চক্রের মতো এবং নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একসঙ্গে চলাফেরা করত। গ্রেপ্তারকৃতদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করবে এবং বিচার বিভাগ দ্রুত বিচার সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।









