দিল্লির ব্যবসায়ীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ১ নভেম্বরের জনসভা পেছানোর অনুরোধ জানিয়েছেন। চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) জানিয়েছে, উৎসব মৌসুমে বিক্ষোভ কর্মসূচির কারণে তাদের প্রায় ৩ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। নভেম্বরে জনসভা হলে এই লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেন, অক্টোবর-নভেম্বর মাসে দিল্লিতে ২৫ হাজার কোটি রুপির বাণিজ্য হয়। কিন্তু বিভিন্ন বিক্ষোভের কারণে ব্যবসায়ীরা বিপুল লোকসানের মুখে পড়েছেন। ১ নভেম্বর রামলীলা ময়দানে জনসভা হলে চাঁদনি চক, সদর বাজার, কনট প্লেসের মতো বাণিজ্যিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং যাত্রীদের ভোগান্তি বাড়বে।









