কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। ভুক্তভোগী নিজেই স্বীকার করেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি জমি নিয়ে বিরোধের জের ধরে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, জাসদ কার্যালয়ে অভিযান ও শাহআলীর ক্লিনিকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



