রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজাসংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। এরই মধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সবাইকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরের ইসিবি চত্বরে জমি দখল ও গোলাগুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং কয়েকজনকে গ্রেপ্তার ও আলামত জব্দ করা হয়।




