মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হামলার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই খবরকে 'মিথ্যা' বলে অভিহিত করেছেন এবং নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় নেতানিয়াহু ইসরাইলি গোয়েন্দা তথ্য তুলে ধরেন, যেখানে ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে বলে দাবি করা হয়। দুই দেশের সামরিক বাহিনী এখনো সতর্ক অবস্থায় রয়েছে এবং ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন করলে যাতে দ্রুত অভিযান শুরু করা যায়, সে জন্য প্রস্তুতিও চূড়ান্ত করা হচ্ছে। তবে ট্রাম্পের অধিকাংশ উপদেষ্টা সামরিক অভিযানের পরিবর্তে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে।











