পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা আফগান তালেবানের একাধিক সামরিক চৌকি ও স্থাপনা ধ্বংস করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত ২৭ অক্টোবর আঙ্গুর আদ্দা এলাকায় আফগান বাহিনীর বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে এই পাল্টা হামলা চালানো হয়।
পাক নিরাপত্তা সূত্র আরও দাবি করেছে যে, হামলার মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় এবং এতে তাদের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। দক্ষিণ ওয়াজিরিস্তানের নিম্নাঞ্চলের ডেপুটি কমিশনার জানান, আফগান তালেবান বাহিনী আঙ্গুর আদ্দা বাজার ও আশপাশের আবাসিক এলাকায় গুলি চালালে একটি মর্টার শেল আঘাত হানে, এতে এক বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।











