জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে নারীর কার্যকর ও অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক এক উন্মুক্ত বিতর্কে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রদূত আইরিন খান নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংঘাতকবলিত এলাকায় নারীদের সুরক্ষা এবং শান্তিরক্ষা কার্যক্রমে ধারাবাহিক অর্থায়নেরও আহ্বান জানান।







