ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইরানের নকশা অনুসরণ করে এবং চীনের যন্ত্রাংশ ব্যবহার করে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। এই ক্ষেপণাস্ত্র সফল হলে সৌদি আরব ও ইসরাইলের গভীরে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে গোষ্ঠীটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হুতিরা এখন নিজেরাই উন্নত অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে চাইছে।
তৈরির চেষ্টা চলা ক্ষেপণাস্ত্রটি ইরানের ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি বলে ধারণা করা হচ্ছে, যার পাল্লা প্রায় ১৯৩০ কিলোমিটার হতে পারে। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর) এর অনুসন্ধানে জব্দ করা ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম ও কাঁচামাল পাওয়া গেছে, যার মধ্যে চীনের একটি বিশেষায়িত যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিচয় মিলেছে।











