গায়িকা-গীতিকার শ্রেয়া রাও সম্প্রতি একটি অ্যাপ ক্যাবে চড়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ক্যাবে ওঠার পর থেকেই চালক বারবার তার পায়ের দিকে তাকাচ্ছিলেন, যা তাকে অস্বস্তিতে ফেলে। শ্রেয়া চালককে গাড়ি থামাতে বা গতি কমাতে অনুরোধ করলে তিনি আরও জোরে গাড়ি চালাতে শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ইনস্টাগ্রামে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করে শ্রেয়া অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই চালকের কারণে অন্য যাত্রীরাও বিপদে পড়তে পারেন। শ্রেয়া জানান, তিনি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন।



