ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে মিসর। রিয়াদের সুরক্ষায় মিসরের সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। পার্লামেন্ট সবুজ সংকেত দিলে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি সরাসরি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘উপসাগরীয় অঞ্চলের ভাইদের আমরা কখনোই ভুলব না। আপনাদের রক্ষায় আমরা যেকোনো পদক্ষেপ নেব।’ সৌদি আরবের তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের হামলা বৃদ্ধি পাওয়ায় মিসরের অবস্থান বদলাতে শুরু করেছে।







