সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি 'গোপনীয়' নথি পাঠিয়েছে। ১৪ অক্টোবর মক্কায় নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়।
নথি অনুযায়ী, নজরুলকে সাইবার অপরাধ এবং সুইটিকে ব্যভিচারের অভিযোগে আটক করা হয়েছিল। তারা দুজনেই 'আল মাজাল কম্পানিতে' পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তবে, কনস্যুলেটের প্রাপ্ত বন্দি তালিকায় তাদের মৃত্যুদণ্ডের সাজার কোনো উল্লেখ ছিল না। সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।







