অস্ট্রেলিয়ার সিডনিতে আট দশকের প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। আগামীকাল রোববার পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন) থেকে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে। এটি দেশটিতে পাঁচ দশকের বেশি সময় পর সম্পূর্ণ নতুন কোনো প্রধান বিমানবন্দর চালুর ঐতিহাসিক মাইলফলক।
২৪ ঘণ্টা পরিচালিত এই বিমানবন্দরে কোনো নৈশকালীন নিষেধাজ্ঞা (কারফিউ) থাকবে না। প্রথম দফায় ৩.৭ কিলোমিটার দীর্ঘ রানওয়ে ও একটি টার্মিনাল নিয়ে যাত্রা শুরু করছে এটি, যা বছরে এক কোটি যাত্রী সামলাতে সক্ষম। সম্পূর্ণ ডিজিটাল রিমোট ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।







