অস্ট্রেলিয়ার সিডনিতে বসে শল্যচিকিৎসক আর সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে চীনের সাংহাইয়ের হাসপাতালের টেবিলে চলছে নিখুঁত অস্ত্রোপচার। সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম সিডনির ‘ক্রিস ওব্রায়েন লাইফহাউসে’ বসে রোবট ‘টুমাই’ ব্যবহার করে অতিগতির ‘ফাইভ-জি’ নেটওয়ার্কের মাধ্যমে এই আন্তমহাদেশীয় অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান।
তিনি সিডনি থেকে সাংহাইয়ে রাখা একটি কৃত্রিম কিডনি কেটে আবার নিখুঁতভাবে সেলাই করেন। সময়ের কোনো দৃশ্যমান ব্যবধান বা সংযোগ বিভ্রাট ছাড়াই পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য এই রোবটভিত্তিক দূরচিকিৎসাসেবা চালু হলে তা যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।










