স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স দর্শকদের আগ্রহ ধরে রাখতে হিমশিম খাচ্ছে, যেখানে কম খরচে নির্মিত কনটেন্ট ও নির্মাতাদের ভিডিওর জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে ইউটিউব। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনের তথ্য অনুযায়ী, সেখানে ইউটিউবে দর্শকদের মোট দেখার সময় নেটফ্লিক্সের প্রায় দ্বিগুণ। জেফারিজের হিসাব মতে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্স সদস্যদের গড় দেখার সময় ৬৬ ঘণ্টা থেকে কমে ৪৯ ঘণ্টায় নেমেছে।
অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের গ্রাহক হারানোর হার গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৬ শতাংশ বেড়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় নেটফ্লিক্স অ্যাপের ডাউনলোডও ২০ শতাংশ কমেছে। আয় বাড়াতে নেটফ্লিক্স বিজ্ঞাপন ও খেলাধুলার সরাসরি সম্প্রচারের ওপর জোর দিচ্ছে।










