কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চীন উলাঞ্চাব শহরে প্রায় ৯০টি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে এনভিশন গ্যালাক্সি ক্যাম্পাস নামে একটি বিশাল কেন্দ্র তৈরি হচ্ছে, যা প্রায় ২০টি ফুটবল মাঠের সমান এবং এর ৮০ শতাংশের বেশি বিদ্যুৎ আসবে নিজস্ব উইন্ড ফার্ম থেকে।
যদিও যুক্তরাষ্ট্রের এআই ডেটা সেন্টার এবং কম্পিউটিং ক্ষমতা চীনের চেয়ে ১০ গুণ বেশি, তবে চীন দ্রুত অবকাঠামো নির্মাণ, সস্তা পরিবেশবান্ধব শক্তি এবং জমি সহজলভ্যতার সুবিধা কাজে লাগাচ্ছে। আগামী ৫ বছরে তথ্য অবকাঠামো বাড়াতে চীন ৫৬ হাজার কোটি ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে, তবে উন্নত চিপের সংকট একটি বড় বাধা।










