ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি জীবনে অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে অভিনয়শিল্পীদের ক্যারিয়ারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সুবিধাও রয়েছে।
ঐশ্বরিয়া লক্ষ্মী বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ ‘#লাভ’-এর প্রচারে ব্যস্ত। তিনি বলেন, ‘সবকিছু ধীরে ধীরে ঠিক জায়গায় আসছে। এই মুহূর্তে আমার জীবন যেমন আছে, তাতে আমি খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার সময়ের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি।’ তিনি আরও জানান, যেসব কারণে তিনি এই মাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে এখন তিনি সেগুলোর দ্বারা প্রভাবিত হন না।













