অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রসঙ্গে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য বলেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ কীভাবে ফাঁস হয়ে যায়, তা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়।
অনিরুদ্ধ জানান, শুটিং সেটের কর্মীদের সঙ্গে কঠোর গোপনীয়তা চুক্তি থাকে এবং অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশ করার সুযোগ নেই। তবে তিনি ধারণা করেন, রাধিকার ঘটনায় সেটের কেউ অথবা বাইরের কোনো ব্যক্তি মুঠোফোনে ভিডিওটি ধারণ করে থাকতে পারেন। এই ধরনের ঘটনা ঠেকাতে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সেটে ফোন নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।











