দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে তাদের দেখা যাবে। ২০১১ সালের ‘রা. ওয়ান’ সিনেমার পর এই প্রথম তারা আবার পর্দায় আসছেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন এই দুই তারকা। গানটির শুটিং চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, যেখানে কারিনা প্রায় পাঁচ দিন সময় দেবেন। গানটিতে আন্তর্জাতিক কোনো সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন বলে জানা গেছে, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি। গুঞ্জন রয়েছে, এড শিরান এই গানে কণ্ঠ দিতে পারেন। ‘কাভি খুশি কাভি গম’, ‘রা. ওয়ান’ এবং ‘ডন’ সিনেমায় শাহরুখের সঙ্গে কারিনার জুটি দর্শকদের মন জয় করেছিল।










