গতকাল সোমবার মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুটিংয়ের জন্য নির্মিত একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বৈদ্যুতিক সরঞ্জামসহ শুটিংয়ের বিভিন্ন উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘রামায়ণ’ ছবির সেটে অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হলেও ছবির টিম তা অস্বীকার করেছে।
সোমবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার ব্রিগেড। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কেউ আহত হননি। তবে দুটি রিয়েলিটি শো ‘হাসল ৫’ ও ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর শুটিংও ব্যাহত হয়েছে।











