শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভুয়া ও অসত্য অফিস আদেশ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে একটি কথিত অফিস আদেশ প্রচার করা হচ্ছে।
১১ অক্টোবর প্রকাশিত ওই আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর নকল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।








