যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় চিভনিং স্কলারশিপের আবেদন ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর ২০২৬। এই স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়নভিত্তিক, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বিমানভাড়া, আবাসন এবং জীবনযাত্রার ব্যয়সহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
যুক্তরাজ্য সরকারের প্রধান আন্তর্জাতিক এই বৃত্তি কর্মসূচি ১৯৮৩ সাল থেকে পরিচালিত হচ্ছে। এটি মূলত নেতৃত্বের সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের জন্য, যেখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়। বাংলাদেশ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান।






