রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে। একই ঘটনায় সংগঠনের আরো ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, একই অভিযোগে রাবি শাখা ছাত্রদলের ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ দেওয়া হয়েছে।





