মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের প্রায় ২০ বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি। কোটি টাকার সরকারি এই প্রতিষ্ঠানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকার শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। নিজ এলাকায় স্কুল না থাকায় রসিকপুর, রতনপুর, ঢোলমারি ও পরানপুর গ্রামের শিক্ষার্থীদের ৭-১০ কিলোমিটার দূরের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়। এতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও বখাটেদের উৎপাতের ঝুঁকিও রয়েছে।
২০০৬ সালে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ হলেও নানা জটিলতায় তা চালু হয়নি। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে, দরজা-জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী দ্রুত বিদ্যালয়টি চালুর দাবি জানিয়েছেন।











