ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব নিকাব পরা এক ছাত্রীকে 'মৌলবাদী' ও 'সন্ত্রাসী' বলার অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। গত ৭ অক্টোবর মাস্টার্সের ক্লাসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। শনিবার (১০ অক্টোবর) ফেসবুক লাইভে এসে অধ্যাপক মাহবুব জানান, তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ধর্মীয় অনুশাসন পালন করেন। ৩৪ বছরের শিক্ষকতা জীবনে কেউ তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেনি।
তিনি বলেন, ক্লাসে একজন শিক্ষার্থীর মুখ ঢাকা থাকায় তাকে শনাক্ত করতে এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে অসুবিধা হচ্ছিল, যা পাঠদানে স্বস্তি দিচ্ছিল না। তিনি শালীনতা ও পোশাকের বিষয়ে কোরআনের আয়াত এবং ইহরাম অবস্থায় নারীদের নেকাব না পড়ার হাদিসের কথা উল্লেখ করেন। তিনি জোর দেন যে, শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি, কেবল নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন।








